হারুন-অর-রশিদ বাবু | রংপুর|বাতায়ন২৪ডটকম
রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ৩৪ শিশু ও ব্যক্তির জীবনযাত্রা সহজ করতে হুইলচেয়ার, কর্নার চেয়ার, স্ট্যান্ড চেয়ার, জেনুভালগাস, ওয়াকার ও ট্রাইসাইকেলসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি নগরীর পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে এক হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে তিন হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়ক উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার রায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসের স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা পল্লব কান্তি রায়।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এসব সহায়ক উপকরণ নির্বাচন ও বিতরণ করা হয়েছে। এর ফলে তাদের দৈনন্দিন চলাফেরা সহজ হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন ও আত্মনির্ভরশীলতা বাড়াতে সহায়তা করবে।
কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নগর সবুজায়ন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এক হাজার পরিবারের মাঝে মোট তিন হাজার গাছের চারা দেওয়া হয়। প্রতিটি পরিবার পেয়েছে একটি করে আম, লেবু ও নিমের চারা।
বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ শুধু চলাচলের সুবিধা তৈরি করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
তারা আরও বলেন, নগরজীবনে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি পরিবারকে গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নগরবাসীকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একইসঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং পরিবেশ সুরক্ষার দুটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম