স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম||
রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির এক ছাত্রীকে মুঠোফোনে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ম্যানেজিং কমিটি। অডিও রেকর্ড ফাঁসের পর শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের ও এক ছাত্রীর ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। ফাঁস হওয়া ওই অডিওতে ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর ও নানাবিধ সুবিধার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় আব্দুল কাদেরকে। তবে কথোপকথন চলাকালেই ওই ছাত্রী কঠোর ভাষায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এমন বিকৃত আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চূড়ান্ত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। গত বুধবার তারা একাডেমির সম্মুখসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
বিক্ষুব্ধ ভুক্তভোগী ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই মানা যায় না। তিনি শিক্ষকতার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
পরিস্থিতির জেরে গত বৃহস্পতিবার একাডেমির ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয় এবং নিয়ম অনুযায়ী আইয়ুব হোসেনকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। যদিও এর আগেই পদচ্যুতি এড়াতে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে আব্দুল কাদের স্বেচ্ছায় অব্যাহতির আবেদন জমা দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে আব্দুল কাদের বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। উদ্ভূত পরিস্থিতির কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি, কল রেকর্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার কথা জানান”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন স্পষ্ট জানিয়ে দেন, “নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাঁকে পদে অপসারণ করা হয়েছে। একই সাথে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/