গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম। সংগঠনটির সহযোগিতায় এলাকার ৫০ জন অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) ।। ১৬ জুন ২০২৬
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা হুইলচেয়ার গ্রহণকারীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন এবং তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এভাবে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ জানান, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালনা করা হবে।
হুইলচেয়ার গ্রহণকারী উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের চলাফেরা সহজ করবে এবং দৈনন্দিন জীবনযাপনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। হুইলচেয়ার বিতরণের এই উদ্যোগও সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রশংসিত হয়েছে।
বাতয়ন২৪ডটকম / আদিল আশরাফিল আবিদ