স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম||
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে রংপুরে দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাঙ্গীটারী ডমিনেটরস ক্লাব। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে বাঙ্গীটারী উকিলের মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ফাইনালে বাঙ্গীটারী ফাইটারসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঙ্গীটারী ডমিনেটরস।
প্রতিযোগিতায় বাঙ্গীটারী ডমিনেটরস, বাঙ্গীটারী ফাইটারস, বাঙ্গীটারী ওয়ারিয়র্স ও বাঙ্গীটারী ফ্যালকন এই চারটি দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় বাঙ্গীটারী ডমিনেটরস ও বাঙ্গীটারী ফাইটারস। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাঙ্গীটারী ডমিনেটরস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
তাঁরা আরও বলেন, প্রীতি ফুটবল ম্যাচের মতো আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
আয়োজক বাঙ্গীটারী ডমিনেটরস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। আয়োজনে ও সহযোগিতায় ছিল বাঙ্গীটারী ডমিনেটরস ক্লাব।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম