স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১৩ দশমিক ৪২ গ্রাম হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ রওশনারা আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাচারীপাড়া গ্রামে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পানিয়াল পুকুর কাচারীপাড়া গ্রামের রওশনারার বসতঘরে অভিযান চালায়।
এ সময় ঘরের খাটের নিচে একটি লাল শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে বিশেষ কায়দায় রাখা ১৩ দশমিক ৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া লাল রঙের একটি কৌটার ভেতর থেকে ১২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রওশনারা আক্তার ওই গ্রামের মো. আকতারুল ইসলামের স্ত্রী।
এসআরবি জানায়, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম