স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
মাদক পরিবহনে রংপুরকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার হওয়ায় জেলায় মাদকের বিস্তার বেড়েছে। তরুণ-তরুণীসহ শিশুদের হাতে চলে যাচ্ছে মাদক। এমন ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে নগরীর ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
মাসব্যাপি এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নগরীর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে ‘মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধ’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।
রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আসাদুজ্জামান।
সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের করনীয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে মাদকসেবীদের করুণ পরিনতি তুলে ধরেন বক্তারা।
মতবিনিময় সভায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, সমাজে মাদকের বিস্তার ঘটেছে। দেশে ৮২ লাখ যুবরা মাদকে আসক্ত। এই মাদকে নিমজ্জিত জনগোষ্ঠিকে নিয়ে স্বপ্নের দেশ গড়া সম্ভব নয়। এ থেকে উত্তোরণে শিক্ষার্থীদের বড় ভূমিকা রয়েছে। তাদের মাদক থেকে দূরে রাখা গেলে আমরা একটি শিক্ষিত, দক্ষ মানবসম্পদ হিসেবে তাদের গড়ে তুলতে পারবো। তারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে পারবে। মাদক সেবন শুরু হয় বন্ধুদের মাধ্যমে। একটি সিগারেটের টান থেকে মাদকসেবন শুরু হলেও তা পরবর্তীতে অন্যান্য মাদকে আসক্তি আনে। এতে করে একটি সম্ভাবনাময় শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় পরিবার, সমাজ ও দেশ। তাই শিক্ষাজীবনে উত্তম বন্ধু নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, দেশে বাল্যবিয়ে আশংঙ্কাজনক হারে বেড়েছে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ করা না গেলে মানুষ দারিদ্রের দুষ্টচক্রে আটকে যাচ্ছে। ফলে তাদের পরবর্তী প্রজন্মও ক্ষুধা-দারিদ্রতার শিকার হয়ে নানা ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়বে। যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবো।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম