স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম||
রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কােছে দেয়ার প্রতিশ্রুতি দিলেন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধায় পাবলিক লাইব্রেরী মাঠে একনেকে রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা একনেকে পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠার পর থেকে সব থেকে বড় বাজেট পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রশাসক ডন।
ডন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছিলেন সিটির উন্নয়নের জন্য প্রকল্প দাও। আমি দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ও এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ১ হাজার ৮১২ কোটি টাকার এই বৃহত প্রকল্পটি একনেকে পাশ করেছেন। সিটি করপোরেশন হওয়ার পর থেকে এ যাবতকালের সব থেকে বড় বরাদ্দ এটি। এজন্য নগরবাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা।

ডন বলেন, যে বরাদ্দটি এসেছে, সেই বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয় সেটি দেখার দায়িত্ব যেমন সিটি কর্পোরেশনের রয়েছে, ঠিক তেমনি সেটি দেখার দায়িত্ব এই রংপুর নগরবাসীরও রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে আমি প্রতি দুই বা তিন মাস পর পর এই প্রকল্পের যাবতীয় আপডেটেড তথ্যগুলো নগরবাসীকে দেব, ইনশাআল্লাহ। কারণ প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে।
ডন বলেন, ‘ আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নই, রংপুরের একজন সেবক হিসেবে বলতে চাই আমার জায়গা থেকেও আমি জবাবদিহিতার আওতায় আসতে পছন্দ করি। আমাদের এই যে ১৮০০ কোটি টাকার একটি বড় প্রকল্প একনেক-এ অনুমোদন হলো, এই প্রকল্পগুলোর অর্থ ছাড় হতে কিছুটা সময় লাগবে। ন্যূনতম তিন থেকে চার মাস এই অর্থটি পেতে আমাদের সময় লাগবে। এবং তিন-চার মাস পরে আমরা আশা করছি যে, যখন আমরা এই প্রকল্পের অর্থ ছাড় পাবো, তারপরে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপে যাব, টেন্ডার প্রক্রিয়ায় যাব এবং কাজগুলো তখন শুরু করবো। আপনারা সবাই পাশে থাকবেন।
এর আগে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হলে প্রশাসক ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলসহ দলীয় এবং পেশাজীবিরা। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শ্লোগান দেন উপস্থিত জনতা। রাতে কনসার্ট অনুষ্ঠিত হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম