স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম
তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে আয়োজিত ‘আগামীর উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা’ কর্মসূচির আওতায় এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রংপুরের আরডিআরএস মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সহযোগিতা করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ।উদ্যোক্তা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জনাব হানিফ আলী প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াইসিডিও।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়াইসিডিওর পরিচালক আজিজ আল জামান,মিস জুয়েনা ফেরদৌস মিতুল পরিচালক আহ্লাদ, জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন সহকারী মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন।
আয়োজকরা জানান, দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের মধ্যে ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
রংপুর বিভাগের উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের জন্য এ ধরনের কর্মসূচি ব্যবসায়িক সম্ভাবনা, অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম