স্টাফ করেসপন্ডেন্ট| টঙ্গী গাজীপুর| বাতায়ন২৪ডটকম
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন মার্কেটের লেদুমোল্লা রোড ও গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু ও ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকায় ছিনতাই হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে ‘বুক কাটা বাবুকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশের অপর একটি দল। এ সময় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/গাজীপুর