স্টাফ করেসপন্ডেন্ট |গাইবান্ধা| বাতায়ন২৪ডটকম
গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় কালভার্টের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতর লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম