স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এ ৬ষ্ঠবারের মতো চ্যাম্পিয়নশীপ ছিনিয়ে আনায় অনন্যা-কিসকুর দল রংপুরকে সংবর্ধনা ও ব্লেজার দিলো জেলা ফুটবল ফেডারেশন।
শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) রাতে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়।
এসময় নারী ফুটবল দলের কোচ ও ম্যানেজার, ক্যাপ্টেন অনন্যা, সহ ক্যাপ্টেন কিসকুসহ খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান ডিএফএ। পরে ডিএফএ সভাপতি মনজুর আহমেদ আজাদের পূর্ব প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী নিজস্ব তহবিল থেকে খেলোয়ার কোচ, ম্যানেজারকে নতুন ব্লেজার উপহার দেয়া হয়।
সংবর্ধনা প্রদান শেষে অতিথিদের সাথে নৈশভোজে অংশ নেন নারী ফুটবল দলের খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএফএ রংপুর জেলা সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ-সভাপতি ও দলের ম্যানেজার শামীম খান মিসকিন এবং ডিএফএ’র কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিএফএ সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের মেয়েরা হেক্সামিশন নিয়ে টাঙ্গাইলে খেলতে গিয়েছিল। আমি তাদের উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাতে পুরষ্কার দিতে চেয়েছিলাম। মেয়েরা বিজয়ের শিরোপা নিয়ে ফিরে এসেছে, এটা আমাদের জন্য বড় অর্জন। আজ তাদেরকে সংবর্ধিত করতে আমার ভালো লাগছে। আগামীতেও ফুটবল ও ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরে রংপুর এগিয়ে যাবে, এখানকার খেলোয়াড়দের এবং জেলার সুনাম হবে আমরা সেটাই দেখতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি দেয়া হলে সংশ্লিষ্টরা আরও উপকৃত হন। আজকে অনন্যা-কিসকুদের ব্লেজার দেয়া হলো এটা অনেক বড় উদ্যোগ। আগামীতে এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সরকার তৃণমূল পর্যায়ে থেকে খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই, যাতে আমাদের রংপুরের সুনাম ও অর্জন দেশ বিদেশে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত এর আগে ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৫ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ছিল রংপুর দল। এবার ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের মাধ্যমে হেক্সা মিশনের স্বপ্ন পূরণ করলো অনন্যা-কিসকুরা।
গত ১৭ আগস্ট জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এর ফাইনালে স্বাগতিক টাঙ্গাইলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর অনন্যা কিসকুর দল।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম