রংপুরে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩ রংপুর।
স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম|
রংপুর মহানগরীর তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অমিত ঘোষকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন রংপুর (এসআরবি)-১৩। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাজহাট থানাধীন আইএসটি গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অমিত ঘোষ রংপুর মহানগরীর তাজহাট থানাধীন তাজহাট গ্রামের মৃত অলোক ঘোষের ছেলে।
এসআরবি রংপুর -১৩ এর মিডিয়া পরিচালক বিপ্লব গোস্বামী বলেন, গত ১৩ আগস্ট রাত ১২টা থেকে পরদিন সকাল ৯টার মধ্যে যেকোনো সময় তাজহাট আনসারীর মোড় এলাকায় নিজ অটোরিকশা গ্যারেজে খুন হন গ্যারেজ মালিক আব্দুর রহমান। তিনি বিভিন্ন অটোরিকশা চালকের কাছে গাড়ি ভাড়ায় দিতেন এবং নিজেই ভাড়া ও টাকা জমা নেওয়ার কাজ করতেন। পাশাপাশি গ্যারেজেই রাতযাপন করতেন তিনি। ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তাজহাট থানার মামলা নং-৮, তারিখ ১৩ আগস্ট ২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
গোস্বামী আরও বলেন, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করে তৎকালীন র্যাব-১৩। ওই সময় হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার তিন আসামির দেওয়া স্বীকারোক্তি এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অমিত ঘোষের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআরবি-১৩ সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল তাজহাট থানাধীন আইএসটি গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অমিত ঘোষকে গ্রেপ্তার করে।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম