স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে রংপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক ধারণার মাধ্যমে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।
মেলায় শিক্ষার্থীদের তৈরি কাপ টেলিফোন, রংধনু, পেরিস্কোপ, আগ্নেয়গিরি, পানি পরিশোধন ব্যবস্থা, স্মার্ট প্ল্যান্ট ওয়াটারিং সিস্টেম, স্মার্ট সিটি, গ্রিন সিটি, স্মার্ট ভিলেজ, মেঘের বৃষ্টি, লেজার সিকিউরিটি সিস্টেম এবং বায়োপ্লাস্টিক তৈরি প্রকল্প প্রদর্শিত হয়।
বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও প্রিন্সিপাল প্রফেসর ড. আবুয়াল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক রায়হান সিরাজী, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাওলানা গোলাম কিবরিয়া, আদ-দ্বীন সায়েন্স কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল কুদ্দুস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভোকেট মাহবুব আলম এবং প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল সাঈদ।
পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক রায়হান সিরাজী বলেন, বিজ্ঞান মেলা শুধু প্রদর্শনীর আয়োজন নয়, এটি শিক্ষার্থীদের চিন্তা, কৌতূহল ও উদ্ভাবনী শক্তিকে বাস্তব প্রয়োগের সুযোগ করে দেয়। পাঠ্যবইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যখন নিজেরাই বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প তৈরি করে, তখন তাদের আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ে। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রিন্সিপাল প্রফেসর ড. আবুয়াল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের জন্য নয়, বাস্তব জীবন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে হবে। বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মন তৈরি করে, নতুন কিছু ভাবতে শেখায় এবং নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেয়। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাওলানা গোলাম কিবরিয়া, আদ-দ্বীন সায়েন্স কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল কুদ্দুস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভোকেট মাহবুব আলম এবং প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল সাঈদ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা জরুরি। বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষার বাইরে গিয়ে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করে। একই সঙ্গে তাদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার চর্চা বাড়ায়।
পরে আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রাণবন্ত এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি