স্টাফ করেসপন্ডেন্ট||বাগেরহাট||বাতায়ন২৪ডটকম
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। নিহত মনিরা বেগমের জ্যেষ্ঠ সন্তান ফয়সাল হাওলাদার মঙ্গলবার গভীর রাতে কচুয়া থানায় এই হত্যা মামলাটি করেন। বুধবার সন্ধ্যায় জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন হয়।
এর আগে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষ হলে বিকেলে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করে পুলিশ। দাফনের ক্ষেত্রে মনিরা বেগম ও তার ছেলে আহাদ হাওলাদারকে তাদের চান্দের কোলার নিজ বাড়িতে এবং মনিরা বেগমের মা রাশিদা বেগমকে বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে চান্দেরকোলা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পান। নিহতরা হলেন মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম, তাদের সন্তান আহাদ হাওলাদার এবং মনিরা বেগমের মাতা রাশিদা বেগম।
কচুয়া থানার পরিদর্শক হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম