স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়টির টিনের বেড়ার নিচের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রাতিষ্ঠানিক সিল এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে কোনো এক সময়ে এই চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রেসক্লাব সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে মডেল প্রেসক্লাবের কার্যালয় খুলতে গিয়ে ঘরের নিচের অংশ ভাঙা দেখতে পান ক্লাবের সভাপতি নাজিম ইসলাম। পরবর্তীতে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরসহ সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজুলেশন খাতা, সদস্য হাজিরা খাতা, আয়-ব্যয়ের হিসাবের বইসহ সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের প্রাতিষ্ঠানিক সিল এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
প্রেসক্লাব কার্যালয়ে এমন অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে মডেল প্রেসক্লাব, তারাগঞ্জের সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে সভাপতি নাজিম ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজার উদ্দিন জানান, “মডেল প্রেসক্লাবে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এইচআরবি/বাতায়ন২৪ডটকম