হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা,রংপুর||
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু নেকমামুদ বাজারে জাগরণী পাঠাগার ও ক্লাবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন পূর্বদেবু নেকমামুদ বাজার এলাকার মৃত তাহের মিয়ার ছেলে আব্দুর রহিম ও তাঁর ছেলে নূরন্নবী মিয়া। জাগরণী পাঠাগার ও ক্লাবের সভাপতি আব্দুল করিম মিয়া জানান, অভিযুক্তরা ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে ।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ন্যায়বিচারের দাবি জানান তিনি।
উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।
স্থানীয়রা জানান, জাগরণী পাঠাগার ও ক্লাবটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রহিম ও নূরন্নবী মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম