স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের মিঠাপুকুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ভাংনী ইউনিয়নের মাঠেরহাট এলাকার একটি রাস্তার পাশের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শীদের দাবী তারা নিহত শিক্ষার্থীর গলায় দাগ পাওয়া গেছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আমিনুল ইসলাম আকাশ (১৬)। সে ভাংনী ইউনিয়নের মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে এবং স্থানীয় বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আকাশ বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধান পাননি। পরদিন রোববার সকালে স্থানীয়রা মাঠেরহাট এলাকার পূর্বপাড়া যুগীপাড়া সংলগ্ন রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তার ধারে শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে এবং তার গলায় দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের লোকজন থানায় আছে এখনো মামলা হয়নি।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম