স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের ডাঙ্গলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদরগঞ্জের কুতুবপুর ডাঙ্গলপাড়া গ্রামের ছাইদার রহমান (৩৫), মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা সারমিন বেগম (২৩), বদরগঞ্জের সাহেবগঞ্জ কচুয়া মণ্ডলপাড়া গ্রামের মেহেরুল মণ্ডল (৪২) এবং একই উপজেলার কামরুজ্জামান ওরফে কামরু (৪৫)।
রংপুর জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় ডিবির উপপরিদর্শক (এসআই) আবু ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে একটি দল কুতুবপুর ডাঙ্গলপাড়া গ্রামের ছাইদার রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।
অভিযানে ছাইদার রহমানের পরিহিত লুঙ্গির কোচ থেকে ২৫ পিস, সারমিন বেগমের ডান হাতের মুষ্টি থেকে পাঁচ পিস, মেহেরুল মণ্ডলের জিনসের প্যান্টের ডান পকেট থেকে তিন পিস এবং কামরুজ্জামানের লুঙ্গির কোচ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এসব ইয়াবা জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বদরগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম