স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
লালমনিরহাটের আদিতমারীতে রান্নাঘরের মেঝের মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা ২৩০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় ১৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দক্ষিণ তালুকপলাশী বাওয়ারচারা গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জীমবাবু (১৮)।
এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বাড়ির দক্ষিণমুখী রান্নাঘরে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের মাটির নিচে ড্রামের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া জীমবাবুর পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানে বাড়ির মালিক হাবিবুর রহমান ও জীমবাবুকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে গ্রেফতার ব্যক্তিদের ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযানও চলমান থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম