স্টাফ করেসপন্ডেন্ট||কুমিল্লা||বাতায়ন২৪ডটকম||
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী দলের নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এ ছাড়া দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। এ সময়ে তাঁর কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
এতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সময়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।
দলটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করে। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা কোনো পক্ষ নেওয়া দলের নীতি ও আদর্শের পরিপন্থি। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
সাময়িক অব্যাহতির বিষয়ে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, দলের কেন্দ্রীয় সভাপতি তাঁকে ফোন করেছিলেন। তিনি ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার কথা জানিয়েছেন। জামায়াতের কার্যালয়ে শেষ মুহূর্তে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারা গাড়ি ভাঙচুর করেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, কুমিল্লা মহানগর জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর তাঁদের নজরে এসেছে। বিষয়টি দলের কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জুকেও জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতের অভ্যন্তরীণ বিরোধে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখা কোনোভাবেই সম্পৃক্ত নয়। কেউ ব্যক্তিগত সিদ্ধান্তে এমন কর্মকাণ্ডে জড়িত হয়ে থাকলে তার দায় দল নেবে না। এ বিষয়ে মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবি পার্টির এ সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম