স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম||
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। প্রতিটি পূজামণ্ডপকে ১৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে আয়োজিত চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
অনুষ্ঠানে মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এ সময় পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে রংপুর সিটি করপোরেশন কাজ করছে। ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে। পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে উৎসবের কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাস এবং হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম