স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||
রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলার প্রধান আসামি সাঈদ মিয়াকে (১৮) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (১১ অক্টোবর) রাতে এসআরবি-১৩ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সাঈদ মিয়া মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। সাভার থানার রাজফুলবাড়ীয়া এলাকার রংপুরিয়া বাজারে রাত ১০টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, ১১ জুন বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সাঈদ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অটোরিকশায় করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মেয়ের সন্ধান ও ঘটনার বিষয়ে কথা বলতে সাঈদের বাড়িতে যান কিশোরীর বাবা। এ সময় সাঈদের বাবা-মা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা বলেন। পরে কিশোরীর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা গত ১১ অক্টোবর মিঠাপুকুর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ১৩।
এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৪, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাঈদ মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবির মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম