স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এই অবাঞ্ছিতকরণের ঘোষণা দেন।
সমাবেশে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক শিষ্টাচারের অংশ হতে পারে না। আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করছি।
রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও বলেন, বিরোধী দলের সমালোচনা করার ক্ষেত্রে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা জরুরি। ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করে সবাইকে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও সমাবেশে উপস্থিত বক্তারা দেশের রাজনীতিতে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন এবং জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম