চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে
স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | চট্টগ্রাম | ০৮ জুলাই ২০২৬
নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় ফাইয়াজ তাজরিয়ানের মোটরসাইকেল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ২টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ থাকলেও ফ্লাইওভারের বাতিগুলো বন্ধ ছিল। ফলে ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন।
তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন এবং স্লোগানও দিয়েছিলেন। রাতেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান