স্টাফ করেসপন্ডেন্ট|| চাঁদপুর||বাতায়ন২৪ডটকম ||
চাঁদপুরের হাইমচরে চাঁদার টাকা না দেওয়ায় একটি নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বাবু গাজী (৩০) ও রাফি গাজী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও পিএসআই সৌরভ দাশ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ২৪ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে আসামিদের নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে আবারও চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা রামদা, লোহার পাইপ ও ছেনী নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মান্নান শেখসহ চারজন গুরুতর আহত হন।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি