রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টায় মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতায় তার বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | ঢাকা | ০৮ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুর-১০ নম্বরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান সমকালকে গুলির ঘটনা ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বের বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়। হামলাকারী ছিলেন দুজন, অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে বুধবার অস্ত্রোপচার হবে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার ৯৬ নম্বর বাসার প্রধান ফটকের সামনে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাকে লক্ষ্য করে এক ব্যক্তি পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় আতঙ্ক সৃষ্টি করতে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। মোট ছয় রাউন্ড গুলির শব্দে আশপাশের লোকজন বেরিয়ে এসে হামলাকারীকে ধাওয়া করেন। তখন ওই ব্যক্তি কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার মুন্সিবাড়ি মসজিদে ঢুকে আত্মগোপনের চেষ্টা চালান। তবে স্থানীয়রা তাকে সেখানেই আটক করেন। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মিরপুর থানাকে জানায়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শান্ত ভুইয়া নামে ওই ব্যক্তিকে একটি পিস্তলসহ নিজেদের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
![]()
এর আগেও ঢাকায় রাজনৈতিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ৮ জুন রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ২২ জানুয়ারি কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা দুর্বৃত্তের গুলিতে আহত হন। দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৭ জানুয়ারি তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।
বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান