স্টাফ করেসপন্ডেন্ট।।ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।
দীর্ঘ ১৩ বছরেও রহস্য উদ্ঘাটিত না হওয়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। এসময় অ্যাটর্নি জেনারেল আক্ষেপের সঙ্গে বলেন, ‘১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্তের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন, যা আজ শেষ হওয়ার কথা ছিল।
শুনানি চলাকালে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে সশরীরে তলবের আবেদন জানিয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতে জানান, তদন্ত কর্মকর্তা মামলার একটি অগ্রগতি প্রতিবেদন পাঠিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরো ৬ মাস সময় চেয়ে আবেদন করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই দীর্ঘ সময়ে মামলার তদন্ত সংস্থা কয়েক দফা পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি এর তদন্তভার পরিচালনা করছে। এ নিয়ে এ পর্যন্ত শতাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে।
বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান