স্টাফ করেসপন্ডেন্ট।।ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও ৫শ‘ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমান বন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর সেখান থেকে ফিরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুইশ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অগ্রবর্তী দল যশোর পৌঁছে নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভাল করছে। প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান