ঐতিহ্য ও উৎসবের রঙে কিশোরগঞ্জে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্যাপন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। উৎসবকে ঘিরে সকাল থেকেই শহরজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবের আমেজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে পালকি, ঢেঁকি, কুলাসহ নানা উপকরণ প্রদর্শন করা হয়, যা সবার দৃষ্টি কাড়ে।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এ আয়োজনকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন এবং বৈশাখী সাজে সজ্জিত মানুষের উপস্থিতিতে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোর সঙ্গীত একাডেমির শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় পান্তা ভাত, মুড়ি-মুড়কি ও অন্যান্য গ্রামীণ খাবার, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ।
সার্বিকভাবে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয় কিশোরগঞ্জের এবারের পহেলা বৈশাখ উদ্যাপন।