স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় দুইদিনের জন্য রংপুর বিভাগে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি ২৩ ও ২৪ জানুয়ারি রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা সফর করবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান।
দুইদিনের কর্মসূচি হলো- ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা: শফিকুর রহমান।
পরদিন ২৪ জানুয়ারি সকালে জামায়াতের আমির জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এদিকে জামায়াতের আমীরের নির্বাচনি জনসভা উপলক্ষ্যে রংপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুরু হয়েছে প্রচারণা হিসেবে, শুরু হয়েছে মাইকিং। নগরীর বিভিন্ন এলাকা ও মোড়ে মোড়ে সাটানো হয়েছে ব্যানার। জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন কমিটির একাধিক প্রস্তুতি মিটিং করেছেন ইতোমধ্যে। রংপুর নগরীর টাউনহলে তৈরি করা হয়েছে মঞ্চ। সবমিলিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত।
এ বিষয়ে জেলা জামায়াতের আমীর ও রংপুর-৪ আসনের প্রার্থী গোলাম রব্বানী বলেন, নির্বাচনের প্রচারণার জন্য দুইদিনের জন্য রংপুর বিভাগে আসছেন আমাদের আমীর ডা. শফিকুর রহমান। তিনি আগামীকাল সন্ধ্যায় রংপুর টাউনহলের পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।